Cvoice24.com

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র তৈরির অভিযোগে মহিলা মেম্বারসহ আটক ২

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৪৭, ৯ জুন ২০২৬
ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র তৈরির অভিযোগে মহিলা মেম্বারসহ আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে এক সাবেক ইউপি সদস্য ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন— বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয়দের দাবি, একটি কম্পিউটার দোকানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করা হচ্ছে— এমন তথ্য পেয়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। পরে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেন।

পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘লিফলেট তৈরির সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’

তবে আটক ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘দুইজনকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।