মিরসরাই কৃষকদলের সম্মেলনকে ঘিরে সরগরম ১৬ ইউনিয়ন
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সামনে রেখে উপজেলার ১৬টি ইউনিয়নজুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। ব্যানার, পোস্টার ও মাইকিংয়ে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।
শনিবার (১৩ জুন) মিরসরাই কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে।
একই দিন সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং পরে দুপুরে ১০ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।
জানা গেছে, সম্মেলনে উপজেলা কৃষকদলের মোট ভোটার রয়েছেন ৯৫০ জন। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি বুথে ২টি করে ইউনিয়নের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে সম্মেলন সফল করতে মঞ্চ, প্যান্ডেল, ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং কাউন্সিলরদের পরিচয়পত্রসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা কৃষকদলের বর্তমান আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন (ছাতা), যুগ্ম আহ্বায়ক তৌহিদুদ্দোজা (কাঠাল) এবং যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী করিম বাবলু (ফুটবল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু দাউদ (আনারস) এবং সাইফুল ইসলাম ফারুক (চেয়ার)।
সভাপতি প্রার্থী মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে আসছেন তিনি এবং তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে দাবি করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী আবু দাউদও ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার কথা জানান।
সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সরওয়ার উদ্দিন সেলিম বলেন, নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তা সত্যিই অভূতপূর্ব। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজনীতি সব খবর















