বিমানে যাত্রীর হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ চট্টগ্রামে
সিভয়েস২৪ প্রতিবেদক
ব্যাংকক থেকে ঢাকা যাচ্ছিল থাই এয়ারওয়েজের একটি বিমান। কিন্তু মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হন সাজ্জাদ নামে এক যাত্রী। ওই যাত্রীর প্রাণ বাঁচাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে থাই বিমানটি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিমানটি চট্টগ্রামে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট THA339 এর এয়ারক্রাফটে একজন যাত্রী উড্ডয়নরত অবস্থায় হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছে।
‘তাৎক্ষণিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিষয়টি বিমানবন্দর পরিচালক ও স্যাটোকে জানায়। এরপর রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি ফার্স্ট কন্টাক্ট করলে রাত ১ টার দিকে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।’
‘পরে রাত ১টা ৩১ মিনিটের দিকে বিমানটির গেট খোলা হলে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৪০ মিনিটের বিমানে প্রবেশ করে রোগীকে প্রাথমিকভাবে মৃত ধারণা করেন। তবে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া মৃত্যু নিশ্চিত ঘোষণা করা সম্ভব নয়। এ জন্য তিনি ওই রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।’
কিন্তু পরে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘ওই ব্যক্তির নাম সাজ্জাদ। বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই দায়িত্বরত চিকিৎসক ওই বিমানে যান। কিন্তু তার আগেই ওই যাত্রী মারা যান। তারপরও মৃত্যু নিশ্চিত করতে আমরা তাকে চমেক হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু থাই এয়ারওয়েজের কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন জানালে রাত ৩টা ৪০মিনিটে ঢাকার উদ্দেশে বিমানটি চট্টগ্রাম ত্যাগ করে।’
সেবাখাত সব খবর















