Cvoice24.com

অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ, ৩ রেলকর্মী বরখাস্ত

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৬
অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ, ৩ রেলকর্মী বরখাস্ত

টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)–এর স্বাক্ষরিত আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বে থাকা স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমনের বিরুদ্ধে টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে।

রেলওয়ে সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।