নিউ মার্কেট এলাকায় ফুটপাতে অভিযান, ১২ মামলা
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের নিউ মার্কেট মোড়, স্টেশন রোড ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় ১২ জন দোকানির বিরুদ্ধে একটি করে ১২ মামলা করা হয়। অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ও বিকেলে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও মৌমিতা দাশ।
চসিক সূত্রে জানা যায়, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তোলার অভিযোগে ১২ মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাৎক্ষণিকভাবে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রণয় চাকমা বলেন, 'হকারদের দুপুর ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। চাইলে তারা চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়িতে ব্যবসা করতে পারবেন। তবে ফুটপাতে কোনো স্থায়ী স্থাপনা রাখা যাবে না। মেয়র মহোদয়ের নির্দেশনায় নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'নগরবাসীর চলাচলের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।'
সেবাখাত সব খবর















