Cvoice24.com

ঈদযাত্রা
শেষ দিনের ট্রেন টিকিট মিলছে আজ 

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১১:১৬, ১৭ মে ২০২৬
শেষ দিনের ট্রেন টিকিট মিলছে আজ 

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে—এমন সম্ভাবনা ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (১৭ মে) সেই ধারাবাহিকতায় ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।

রবিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট অগ্রিম বিক্রি করছে রেলওয়ে। এর অংশ হিসেবে গত ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র টিকিট। আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট।

তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন। একটি জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধিত আইডির বিপরীতে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। এছাড়া এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা হবে না।

অন্যদিকে সাধারণ ও কর্মজীবী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।