Cvoice24.com

ঈদযাত্রা: আজ মিলছে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

সিভয়েস২৪ ডেস্ক
১২:০১, ৬ মার্চ ২০২৬
ঈদযাত্রা: আজ মিলছে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি চলছে। শুক্রবার (৬ মার্চ) চতুর্থ দিনের মতো বিক্রি হচ্ছে আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ঈদের আগে যাত্রার জন্য ১৩, ১৪ ও ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪ ও ৫ মার্চ। আর ৬, ৭, ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

যেভাবে টিকিট কিনবেন

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে টিকিট খুঁজতে হবে।

পরবর্তী ধাপে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের সিট নির্বাচন করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে। পেমেন্ট শেষ হলে ই-টিকিট ডাউনলোড করা যাবে এবং ই-মেইলেও একটি কপি পাঠানো হবে। যাত্রার সময় প্রিন্ট করা টিকিট ও ফটো আইডি সঙ্গে রাখতে হবে।