চট্টগ্রামে ইনার হুইল ক্লাবের সেবামূলক কর্মসূচি
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামে ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস, ডিস্ট্রিক্ট ৩৪৫-এর উদ্যোগে বৃক্ষরোপণ, ছাতা বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বেলা ২টায় নগরের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস, ডিস্ট্রিক্ট ৩৪৫-এর প্রেসিডেন্ট নাজনিন আরা, সেক্রেটারি মানসী দাশ তালুকদার, চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির, ট্রেজারার কাজী রুবায়েত মেহজাবিন, ক্লাব করেসপনডেন্ট জেসমিন আরা, এবং সদস্য সুলতানা কবির, মর্জিনা আক্তার, ফেরদৌস আরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন শিক্ষকসহ কলেজ অধ্যক্ষ মিসেস নূরী রফিক।
প্রথম পর্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ১০টি গাছের চারা লাগানো হয়। পরবর্তীতে কলেজের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য ছাতা এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনতা সামগ্রী প্রদান করা হয়।
এসময় তারা বলেন, বর্ষাকালে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় ছাতা বিতরণ করা হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এর অংশ হিসেবে কলেজে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে তাঁদের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা সামগ্রী সরবরাহ করা হয়।
এতে করে তারা তাদের শারীরিক পরিবর্তনের সাথে এসব সামগ্রী ব্যবহারে সচেতন হবে এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। ক্লাবের পক্ষ থেকে এসব কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান ক্লাবের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, ইনার হুইল একটি নারীদের আন্তর্জাতিক সেবা ও স্বেচ্ছাসেবী সংগঠন। বন্ধুত্ব ও সেবাকে অগ্রাধিকার দিয়ে এটি বিশ্বের একশ’র বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে, যেখানে এক লাখের বেশি সদস্য রয়েছে।
প্রেস রিলিজ সব খবর















