পুরো জীবনটাই প্রশিক্ষণকেন্দ্র
মোহাম্মদ আইয়ুব
জীবন যেন একটি চলমান প্রশিক্ষণকেন্দ্র, যেখানে প্রতিটি মানুষ একেকজন প্রশিক্ষক বা সহ-অংশগ্রহণকারী। কেউ ভালোবাসা দিয়ে শেখায়, কেউ বিরুদ্ধতা করে শেখায়, আবার কেউ কষ্ট দিয়ে আমাদের হৃদয় ও চেতনার গভীরে পৌঁছে যায়।
প্রশিক্ষণকেন্দ্রে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আমি দেখেছি— যাদের আমরা ভালো মানুষ বলি, তারাও শেখায়; যাদের এড়িয়ে চলতে চাই, তারাও শেখায়। বিষয়টি এমন নয় যে কেবল শিক্ষকই শেখায়, বরং প্রতিটি মানুষ আমাদের জীবনের পাঠ্যসূচিতে নতুন কিছু যোগ করে।
এই উপলব্ধি থেকেই আমি আমার প্রশিক্ষণার্থীদের মাঝেমধ্যেই একটি কথায় বলি— ‘জীবনে কাউকে দোষ দেবেন না। ভালো-মন্দ সকল সম্পর্কই আমাদেরকে শেখায় এমনকি জীবনকে গড়েও তোলে’।
এই দর্শনের আলোকে মানুষগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা যায় :
১. ভালো মানুষ সুখ দেয়
যারা আমাদের ভালোবাসে, উৎসাহ দেয়, পাশে থাকে— তারা জীবনের প্রশান্তি। তাঁদের উপস্থিতিতে জীবন সহজ, মন হালকা, পথ নির্ভার লাগে। এমন মানুষদের সান্নিধ্য যেন মানসিক প্রশিক্ষণের মতো— উৎসাহের, সহানুভূতির, শান্তির প্রশিক্ষণ।
২. খারাপ মানুষ অভিজ্ঞতা দেয়
আমরা অনেক সময় এমন মানুষদের সম্মুখীন হই, যারা আমাদের অপমান করে, সন্দেহ করে বা ঠকায়। এই মানুষগুলো আমাদের শেখায় বাস্তবতা, সতর্কতা ও আত্মরক্ষা।
আমার নিজস্ব প্রশিক্ষণ জীবনেই এমন অভিজ্ঞতা হয়েছে— কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, কেউ যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করেছে। সেসব মুহূর্তে অস্বস্তি লাগলেও পরে বুঝেছি, এটাই আমার দক্ষতা বাড়ার সুযোগ ছিল।
৩. সবচেয়ে খারাপ মানুষ শিক্ষা দেয়
এই মানুষরা হয়তো এমন কিছু করে, যা আমাদের ভীষণ কষ্ট দেয়— বিশ্বাস ভেঙে দেয়, স্বপ্ন ভাঙে, আত্মসম্মানে আঘাত করে। কিন্তু এদের কারণেই আমরা বুঝতে পারি— জীবনে সীমারেখা কোথায় টানতে হবে, আত্মসম্মান কতটা জরুরি, এবং কীভাবে পরিপক্ব হতে হয়।
৪. আর সেরা মানুষ স্মৃতি দিয়ে যায়
কিছু মানুষ জীবনে আসে, হৃদয়ে রয়ে যায়। তারা হয়তো দীর্ঘদিন পাশে থাকে না, কিন্তু তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো চিরকাল স্মৃতির ভাণ্ডারে জমা থাকে।
একজন প্রশিক্ষক হিসেবে আমি আজও মনে করি— কিছু প্রশিক্ষণার্থী কিংবা সহকর্মীর সৌহার্দ্য, সম্মান ও সম্পর্ক আমার পেশাগত জীবনের অমূল্য সম্পদ।
একজন প্রশিক্ষক হিসেবে উপলব্ধি
আমরা যখন শ্রেণিকক্ষে প্রশিক্ষণ দিই, তখন মনে হয় আমরাই শেখাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে, প্রতিটি প্রশিক্ষণ, প্রতিটি প্রশ্ন, প্রতিটি অংশগ্রহণকারী আমাদেরও অনেক কিছু শেখায়।
একবার এক অংশগ্রহণকারী বলেছিলেন, ‘স্যার, খারাপ অভিজ্ঞতাও যদি হৃদয়ে গ্রহণ করি, তাহলে সেটাই সবচেয়ে বড় প্রশিক্ষণ হয়ে দাঁড়ায়।’
এই কথাটি আমার চেতনায় স্থায়ী জায়গা করে নিয়েছে। কারণ বাস্তবেই, জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি ঘটনা, এমনকি প্রতিটি আঘাত— আমাদের গড়তে সহায়তা করে।
নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ‘আমি কখনো হারি না— আমি হয় জিতি, না হয় শিখি।’ ‘I never lose. I either win or learning.’
জীবন একটি বিরাট পাঠশালা। এখানে পাঠ্যবই নয়, মানুষই আমাদের শিক্ষা দেয়। কেউ ভালোবাসা দিয়ে শেখায়, কেউ প্রতারণা করে শেখায়, কেউ শাস্তি দিয়ে শেখায়। আর সেই শেখাটাই আমাদের পরিণত করে— ব্যক্তি, পেশাজীবী ও সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে।
তাই জীবনের প্রতিটি মানুষের প্রতিই কৃতজ্ঞতা থাকা উচিত।
তারা যেমনই হোক না কেন— সুখ, অভিজ্ঞতা, শিক্ষা বা স্মৃতি দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে।
লেখক—

পিজিডিসিএম (বিআইসিএম) রিসোর্স পার্সন (২০০১ সাল থেকে)
রিসোর্স পুল, আরপিএটিসি, চট্টগ্রাম ।
কলম সব খবর















