Cvoice24.com

পটিয়ায় প্রার্থিতা হারিয়ে ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের মতিন!

ফটিকছড়ি প্রতিনিধি
১৮:০১, ৫ ডিসেম্বর ২০২৩
পটিয়ায় প্রার্থিতা হারিয়ে ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের মতিন!

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের প্রার্থিতা হারিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। তবে টিকে গেছে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) থেকে তোলা মনোনয়নপত্র। যদিও সেখানে তাঁর সঙ্গে ফরম তুলেছেন দলের আরেক প্রার্থী মুহাম্মদ হামিদ উল্লাহ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফটিকছড়ি সদরের বিবিরহাট বাজারে দলীয় কার্যালয়ে সবাইকে নিয়ে মতবিনিময় করেছেন প্রার্থিতা হারানো এম এ মতিন। সভায় এ আসনে ভোটের মাঠে কে থাকছেন তা নিশ্চিত না করলেও জানিয়েছেন তাদের যে কেউ একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুহাম্মদ হামিদ উল্লাহ নামে ওই প্রার্থীও।

তবে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন সিভয়েসকে বলেছেন, পটিয়া ও ফটিকছড়ি দুটি আসনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পটিয়ায় প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করেছেন। আর ফটিকছড়ির অন্য প্রার্থীর সঙ্গে বসে দুয়েক দিনের মধ্যে সমঝোতা করবেন। 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলার সভাপতি মঈনুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা মছিউদ্দৌল্লাহ, অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এম এনামুল হক সিদ্দিকী, প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা শহিদুল আলম আল হাদী, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

সিভয়েস/এএস